Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. কৃষি
  4. ক্যাম্পাস
  5. ক্রিকেট
  6. গণমাধ্যম
  7. চাকরি
  8. জীবনধারা
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাস
  12. ফটো গ্যালারী
  13. ফুটবল
  14. বাংলাদেশ অর্থনীতি
  15. বিনোদন

পদ্মায় বাসডুবি: ‘হাসি’কে হারিয়ে শোকে কুষ্টিয়া

প্রতিবেদক
admin
March 26, 2026 4:16 pm

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই ঘটনায় অলৌকিকভাবে মাত্র ৫ সেকেন্ডে প্রাণে বেঁচে যান খাইরুল ইসলাম খাঁ। অন্যদিকে প্রাণ হারান কুষ্টিয়ার পরিচিত মুখ মর্জিনা খাতুন হাসি, যাকে এলাকায় সবাই ‘হাসি আপা’ নামে চিনতেন।

বুধবার (২৫ মার্চ) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত মর্জিনা খাতুনের জানাজা বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। পরে তাকে জুগিয়া কবরস্থানে দাফন করা হয়।

মর্জিনা খাতুন কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বারখাদা পালপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসক মেয়ের কাছে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে বাসে ওঠেন তিনি। কিন্তু যাত্রার ঘণ্টাখানেকের মধ্যেই আসে মর্মান্তিক মৃত্যুর খবর।

প্রতিবেশীরা জানান, হাসি আপা ছিলেন অত্যন্ত হাসিখুশি ও সহানুভূতিশীল মানুষ। সবার খোঁজখবর রাখা, সহযোগিতা করা-এসব গুণে এলাকায় তিনি অভিভাবকের মতো ভূমিকা পালন করতেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

নিহতের স্বামী আবু বকর সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি জানান, তিনি (আবু বকর) ঢাকায় মেয়েদের বাসায় ছিলেন। এ সময় খবর পান বাসটি পানিতে পড়ে গেছে। চিকিৎসার জন্যই তার স্ত্রী ঢাকায় আসছিলেন।

এদিকে, একই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খাইরুল ইসলাম খাঁ জানান, ‘জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলাম।’ তিনি বলেন, বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে নদীতে ছিটকে পড়েছেন, তা তিনি নিজেও বুঝতে পারেননি। সাঁতরে তীরে উঠলেও তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। তবে প্রাণে বেঁচে ফেরায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

খাইরুল আরও জানান, বাসে প্রায় প্রতিটি আসনেই যাত্রী ছিল এবং অনেক নারী যাত্রীর সঙ্গে শিশু ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত ৪০ জন নারী ও শিশু বাসের ভেতরে আটকা পড়ে যায়। তিনি একটি টেক্সটাইল মিলে মেশিনম্যান হিসেবে কাজ করেন এবং ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

এ ঘটনায় বাসচালক আরমান খানের মরদেহ উদ্ধার করা হলেও চালকের সহকারী ও সুপারভাইজার বাসের বাইরে থাকায় তারা বেঁচে যান।

দুর্ঘটনায় কুষ্টিয়ার অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের স্বজন ও এলাকাবাসী এ ঘটনাকে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার ফল হিসেবে দেখছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - চাকরি