বকেয়া বেতনের দাবিতে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। ফলে এই রুটে চলাচলকারী যানবাহনের অন্য সড়ক ব্যবহারে করতে সড়কে ডাইভারশন করা হয়েছ।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, এই মুহূর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০-৮০০ পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী – উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়ক ডাইভারশন অনুসরণের অনুরোধ জানিয়ে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁও এর দিকে চলাচল করা যাবে।কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে।
















