যুক্তরাষ্ট্রের একটি ভূপাতিত সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের সংসদ স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার (৫ এপ্রিল) ভূপাতিত যুদ্ধবিমানের ছবি সম্বলিত এক পোস্টে বাঘের বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন আরও তিনটি জয় পেলেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’
বার্তাসংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনী একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবির পরিপ্রেক্ষিতেই এক্সে ভূপাতিত মার্কিন বিমানের ছবি পোস্ট করেন ইরানের স্পিকার।
এছাড়া চলমান সংঘাতের মধ্যে একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি ইরানের। ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ওই মার্কিন পাইলটকে খুঁজে বের করার অভিযানে অংশ নেওয়া একটি সি-১৩০ বিমানও ধ্বংস করেছে ইরান।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে গিয়ে একটি মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইসফাহান অঞ্চলে এই বিমানটি গুলি করে নামানো হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। এসময় ইরানে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এর জবাবে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

















