জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে, সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জের তিনানীপাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে পাম্প থেকে তেল নিয়ে নিজের দোকানে মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন জামরুল মিয়া। এরকম অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


















