Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. ক্রিকেট
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জীবনধারা
  10. তথ্য-প্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাস
  13. ফটো গ্যালারী
  14. ফুটবল
  15. বাংলাদেশ অর্থনীতি

জ্বালানি সংকটে ইউরোপের বাড়তি খরচ ২৮ বিলিয়ন ডলার

প্রতিবেদক
admin
April 25, 2026 5:19 am

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর বাড়তি দামের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্তি ২৮ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে—যা গড়ে প্রতিদিন ৫৮৭ মিলিয়ন ডলারেরও বেশি। ফলে ইইউ তাদের ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়ের চাপ কমাতে একগুচ্ছ জরুরি পদক্ষেপ ঘোষণা করেছে।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রস্তাবে বলেছে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোপে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, সেই চাপ থেকে বের হতে না হতেই ইরান যুদ্ধ তাদের আবার বড় ধরনের অর্থনৈতিক চাপে ফেলেছে। এতে ইউরোপীয় ইউনিয়নের অনেক শিল্প হুমকির মুখে পড়েছে।

ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউরোপীয়রা আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতার কারণে এর চড়া মূল্য দিচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং বিমানবন্দর শিল্প সংগঠন সতর্ক করে বলছে, ইউরোপ বিমানের জ্বালানির প্রায় ৭০ শতাংশ আমদানি করে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘাটতির মুখে পড়তে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে জরুরি ভিত্তিতে বিমান চলাচল সংশ্লিষ্ট কর স্থগিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে মূল্যবৃদ্ধির প্রভাব কমানো যায়। সংগঠনটি আগেই সতর্ক করে বলেছিল, বিমান ভ্রমণ কমে গেলে ইউরোপীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে যেসব দেশ পর্যটনের ওপর নির্ভরশীল।

ইরান যুদ্ধের কারণে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে ধস নেমেছে—যা ইতোমধ্যে এশিয়াকে মারাত্মকভাবে আঘাত করেছে। এর প্রভাব ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। ইউরোপীয় কমিশন বলেছে, যদি এ যুদ্ধের অবসান ঘটে তবু উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানি ভবিষ্যতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
ইউরোপের কিছু ব্যবসার ক্ষেত্রে এই জ্বালানি সংকট বড় ধরনের হুমকি তৈরি করেছে। বিশেষ করে ইউরোপের বেশকিছু জেলে মাছ ধরা বন্ধ করে দিয়েছে, কারণ জ্বালানি ও কাঁচামালের ব্যয় বেড়ে যাওয়ায় তাদের লাভ মারাত্মকভাবে কমে গেছে।

জার্মান কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এ সপ্তাহে সিএনএনকে জানিয়েছে, ইরান যুদ্ধ এ বছর জার্মানির অর্থনৈতিক উন্নতির আশায় গুরুতর আঘাত হেনেছে। তারা আরো বলেছে, জার্মানি এবং বৃহত্তর ইউরোপের রাসায়নিক শিল্পে বিক্রি অব্যাহতভাবে কমবে। ফলে কারখানাগুলো লাভজনকভাবে চালানো সম্ভব হবে না।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতোমধ্যে ইউরো ব্যবহারকারী ২১টি দেশের এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত হালনাগাদ তথ্যে যুক্তরাজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাসও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক