প্রথম লেগে হেরে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তাই মেত্রোপলিতানোতে ছিল কাতালানদের প্রত্যাবর্তনের মিশন। দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর আভাসও দিয়েছিল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেও বিদায় নিতে হয়েছে বার্সাকে। আর ৯ বছর পর টুর্নামেন্টটির শেষ চারে পৌঁছে গেছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা।
মাদ্রিদ সফরে জিতেও ঘুরে দাঁড়ানোর মিশনে সফল হতে পারেনি বার্সা। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেলেও প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে ছিল বার্সা। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরেছে লামিনে ইয়ামালরা। ২০১৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কেটেছে অ্যাটলেটিকো।
ম্যাচের শুরুর দিকে গোল করেন লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস। তাদের দুজনের গোল বার্সাকে আশা জোগালেও আদেমোলা লুকমানের গোল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট এনে দেয় অ্যাটলেটিকোকে। ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা।
দ্বিতীয় লেগের শুরুর ৪ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দেন লামিন ইয়ামাল। ২৪ মিনিটে ফেরান তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে সেমির স্বপ্ন দেখতে থাকে বার্সেলোনা। তাতে জমে উঠে লড়াই। তবে প্রথমার্ধের ৩১ মিনিটে আদেমোলা লুকমানের গোল বার্সার সব হিসাব-নিকাশ গড়বড় করে দেয়। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে শেষ চারের স্বপ্নটা গড়ে নেয় অ্যাটলেটিকো।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর লড়াই করতে থাকে কাতালানরা। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বার্সা। অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করে নিশ্চিত গোল থেকে স্বাগতিকদের বঞ্চিত করে শাস্তি পান গার্সিয়া। দলের শক্তি কমে যাওয়ার পর আর লড়াইয়ে ফিরতে পারেনি বার্সা।


















