মোহামেডান থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর প্রাণপণ চেষ্টার কথা বলেছিলেন আবাহনী হেড কোচ হান্নান সরকার। কিন্তু শেষ খবর, মোস্তাফিজকে পেতে আগ্রহ কমে গেছে আবাহনীর।
আগামীকাল ১৮ এপ্রিল শুরু হচ্ছে ২ দিনব্যাপী ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। তার ২৪ ঘণ্টা আগেই আবাহনী নিজেদের ঘর গুছিয়ে ফেলেছে।
আজ শুক্রবার বিকেলে জাগো নিউজের সাথে আলাপে হান্নান জানান, ‘না, মোস্তাফিজকে নিচ্ছি না। ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে। মোস্তাফিজের পক্ষে আবাহনীর হয়ে খেলা সম্ভব না। তাই তাকে আমরা নিচ্ছি না।’
এদিকে মোস্তাফিজকে ছাড়াই দল সাজিয়ে ফেলেছে আকাশী-হলুদরা। দলে থেকে গেছেন আগের বারের বেশ কয়েকজন পারফরমার, যারা সবাই ব্যাট ও বলে ভালো পারফরম করেছিলেন।
সেই তালিকায় টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, জিসান আলম ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো অতি কার্যকর পারফরমার আছেন। সঙ্গে মেহরব হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বিও আছেন। তাদের দলে রাখা নিশ্চিত করেছেন আবাহনী কর্তারা। সঙ্গে দুই তরুণ শামসুল আলম অনিক ও নাইমুর নয়নও থেকে যাচ্ছেন।
এদের ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন পরিণত ও প্রতিষ্ঠিত ব্যাটারকে দলে টেনেছে আবাহনী। সেই তালিকায় সবার আগে যার নাম আছে, তিনি সৌম্য সরকার। এবার আকাশী-হলুদ শিবিরে খেলবেন এই বাঁহাতি।
সাথে মোহামেডান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকও এবার দল পাল্টে আবাহনীতে। সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন ও জাকের আলী অনিকের মতো ব্যাটারদের দলে ভিড়িয়ে মিডল অর্ডারটা অনেক সমৃদ্ধ করেছে আবাহনী।
সব মিলিয়ে ঢাকা লিগে হাত পাকিয়ে ফেলা নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিকের সাথে এক ঝাঁক উদীয়মান তরুণ ক্রিকেটার দিয়ে দল সাজাচ্ছে আবাহনী। এছাড়া পেসার খালেদ আহমেদের ঠিকানাও এবার আবাহনী।
অর্থাৎ আবাহনীতে থেকে গেলেন: নাজমুল হোসেন শান্ত, জিসান আলম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহরব, রাকিবুল, মাহফুজুর রাব্বি, শামসুল আলম অনিক, নাইমুর নয়ন।
আবাহনীতে ঢুকলেন: সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন, জাকের আলী অনিক, অনিক সরকার সেতু, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাতদৌলা বর্ষন।

















