রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণার পর থেকেই নানা চাপের মুখে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর নিজ জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) ফেসবুক লাইভে এসে কাফি অভিযোগ করেন, রাজনৈতিক এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তার ওপর চাপ বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরে যে বাসার চিলেকোঠায় তিনি ভাড়া থাকতেন, সেটি ছেড়ে দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির একাধিক মালিকের মধ্যে কয়েকজন তাকে বিভিন্নভাবে বিরক্ত করছে বলে উল্লেখ করেন কাফি।
তিনি জানান, আমি ঢাকার আদাবরে যে বাসায় ভাড়া থাকি, সেই বাসার ছাদে বসে একটি ইন্টারভিউ দিতে চেয়েছিলাম। এ নিয়ে অন্য ফ্ল্যাটের অনেকের সমস্যা দেখা দেয়। মূলত আমি এনসিপিতে যোগ দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রভাব পড়েছে তার পেশাগত জীবনেও। একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ থাকলেও হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

কাফির ভাষ্য, রাজনীতিতে আসার পর অল্প সময়েই বড় দুটি ত্যাগ স্বীকার করতে হলো। চুক্তি বাতিলের বিষয়ে তিনি বলেন, কোম্পানি আমাকে ফোন করে জানিয়েছে, রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কারণে তারা আমাকে আর রাখতে পারছে না।
সরকারি দলের সঙ্গে থাকলে সুবিধা পাওয়া যায়- এমন মন্তব্য করে কাফি ইঙ্গিত করেন, ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার কারণেই তিনি এসব সমস্যার মুখোমুখি হচ্ছেন।তবে এসব চাপের মধ্যেও দমে যাননি তিনি। এটিকে জীবনের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উল্লেখ করে কাফি বলেন, যাই হোক না কেন, আমি ভেঙে পড়ছি না। মহান আল্লাহ তাআলা হয়ত আমাকে পরীক্ষা নিচ্ছেন। হয়ত আমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে।
গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন নুরুজ্জামান কাফি।
















