সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য জানিয়েছে।
কেপিসি জানিয়েছে, ঘটনার সময় ট্যাংকারটি সম্পূর্ণ বোঝাই ছিল ও হামলায় জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর জাহাজে আগুনও লেগে যায়, যার ফলে আশেপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।তবে সংগঠনটি জানিয়েছে, এই হামলায় কেউ আহত হয়নি ও সব নাবিক নিরাপদে আছেন।
এই নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয়বারের মতো কোনো তেলবাহী ট্যাংকার বা জাহাজে হামলার খবর পাওয়া গেলো। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ৩১ নটিক্যাল মাইল (৫৭ কিমি) উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায় ও সেটিরও সব নাবিক নিরাপদে আছেন।জিসিসিভুক্ত দেশগুলোতে দিনটি বেশ উত্তেজনাকর ছিল। সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দিকে ১০টিরও বেশি ড্রোন ও নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলোর বেশিরভাগই পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া হয়, যেখানে দেশটির ৯০ শতাংশ জ্বালানি স্থাপনা অবস্থিত। এছাড়া আল খারজ গভর্নরেটেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান অবস্থিত। এছাড়া রিয়াদ এলাকাকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।













