নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


















